Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ শুরু হচ্ছে। শুরুতে দেশের এক লাখ শিক্ষার্থী এই সুবিধা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে। ইতোমধ্যে এক লাখ সেট প্রস্তুত রয়েছে।

 

তিনি আরও জানান, পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই কর্মসূচি পর্যায়ক্রমে বিস্তৃত করা হবে। ভবিষ্যতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও এই সুবিধার আওতায় আনা হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা নেওয়া হবে।

 

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা আরও সাশ্রয়ী ও শিক্ষার্থীবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। বিনামূল্যে বই বিতরণ ও মিড-ডে মিল চালুর পর এবার ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো।

 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ৬০৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

 

এদিনের বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা শিক্ষা খাতের উন্নয়নে সরকারের এই উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস দেন।

 

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষার তিন সচিব, এলজিআরডি সচিব এবং বিজিএমইএ নেতারা উপস্থিত ছিলেন।