লালমনিরহাটে আদিতমারীতে মাদক মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানসহ দুজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আসামিদের উপস্থিতিতে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই উপজেলার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই মাদকসহ হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধী জনপ্রতিনিধি হলেও যে পার পাওয়ার সুযোগ নেই, আইনের শাসনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।