নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়ক অবরোধ ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কদমছিলান এলাকায় যুবদল নেতা মজনু গ্রুপ ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ উত্তেজনার সৃষ্টি হয়।
সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
লালপুর থানার (ওসি তদন্ত) রিয়াজুল হাসান জানান, একটি পল্লী চিকিৎসকের দোকানে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।