সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া গ্রামে একটি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জুমার নামাজের আগে কমিটিতে পদবঞ্চিতরা মসজিদের গেটে তালা ঝুলিয়ে দেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি নিয়ে একটি পক্ষ অসন্তোষ প্রকাশ করে আসছিল। শুক্রবার জুমার নামাজ আদায় করতে মুসুল্লিরা মসজিদে জড়ো হতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পদবঞ্চিতরা অতর্কিতভাবে মসজিদে তালা ঝুলিয়ে দেন। অনেকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেন।
এ ব্যাপারে স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া বলেন, বিষয়টি নিয়ে আমরা আগেও কয়েকবার বসেছি। কিন্তু কোন সুরাহা হয়নি। আমরা চাই এই ঘটনার সুরাহা হোক।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) রূপ কর বলেন, আমরা গিয়ে মসজিদের তালা খুলে দেওয়ার ব্যবস্থা করি। পরে মুসল্লিরা নামাজ আদায় করেন। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।