ঢাবির পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থী-বান্ধব ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের দেয়াল লিখন, সংঘাত বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জবি উপাচার্যের কার্যালয়ে ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায়’ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সহকারী প্রক্টররা।
বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিরাজমান সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় এ সভার আয়োজন করা হয়। বর্তমান জাতীয় প্রেক্ষাপটে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এ সভা আয়োজন করা হয়।
এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে জকসু ও সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে একটি সর্বদলীয় সভা আগামী রবিবার (২৬ এপ্রিল) আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভায় আজকের আলোচ্য বিষয়সমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।
এ ছাড়া, ক্যাম্পাসে শিক্ষার্থী-বান্ধব ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের দেয়াল লিখন, সংঘাত বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান উপাচার্য মহোদয়। সভার শেষ পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে সংশ্লিষ্ট বিষয়ে উপাচার্য মহোদয় বক্তব্য প্রদান করেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে চলা। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে বলেন, অতীত ঐতিহ্য ও মূল্যবোধ ধারণ করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে সহনশীলতা বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী বা সংগঠন যেন উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকে। পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। কেউ যেন কারও প্ররোচনায় বিভ্রান্ত না হয়।’ বলে জানানো হয়।