গাজীপুরের ডিসি যোগদান করলেন হরিজন (সুইপার) সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে। জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমি ও উদার আচরণে মুগ্ধ হয়েছেন অনেকেই। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এমন কর্মকর্তার অপ্রত্যাশিত উপস্থিতি অচ্যুত খ্যাত হরিজনদের মধ্যে বয়ে যায় খুশির বন্যা। কেউ কেউ খুশিতে প্রণাম করতে থাকেন জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের।
হরিজন সম্প্রদায় হলো দক্ষিণ এশিয়ার একটি অনগ্রসর ও দলিত জনগোষ্ঠী, যাদের ঐতিহ্যগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সুইপারের পেশায় নিয়োজিত থাকার কারণে ‘মেথর’ বা ‘ডোম’ হিসেবে ডাকা হয়। সেই হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
এই ঘটনায় ইতোমধ্যে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানিবকতার প্রশংসা করেছেন।
অনুষ্ঠানে ডিসি ছিলেন কনে পক্ষের আমন্ত্রিত অতিথি। কনে শ্রীমতী প্রীতি রানী বাসফোর-এর বাবা শ্রী রতন বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের গাজীপুর মহানগরের একজন কর্মী।
জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলছেন, যখন কোনো উঁচুতলার মানুষ বা জনপ্রতিনিধি সামাজিক মর্যাদায় পিছিয়ে থাকা মানুষের অনুষ্ঠানে উপস্থিত হন, তখন তা সামাজিক সমতার বার্তা দেয়।
এই প্রসঙ্গে জেলা প্রশাসক গাজীপুর বলেন, আমাদের সংবিধান অনুযায়ী ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থান নির্বিশেষে রাষ্ট্র সকলকেই সমান ভাবে আসীন করেছে।