Image description

বিশ্বের বৃহত্তম কনডম প্রস্তুতকারক মালয়েশিয়ার কোম্পানি কারেক্স বেরহাদ তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরিস্থিতি আরও জটিল হলে দাম বৃদ্ধির হার বাড়তে পারে বলেও সতর্ক করেছে কারেক্স।

 

আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক উত্তেজনার কারণে জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে চাপ বেড়েছে।

এর সরাসরি প্রভাব পড়ছে নৌপরিবহন ব্যয় ও কাঁচামালের সরবরাহে। ফলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনে বিলম্বও বাড়ছে।

 

এরই মধ্যে সরবরাহে দেরি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশক ও খুচরা বিক্রেতাদের গুদাম প্রায় খালি হয়ে পড়েছে। এতে করে কারেক্সের উৎপাদিত কনডমের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। দাম বেড়েছে... এই মুহূর্তে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

বিশ্বব্যাপী সুপরিচিত এই প্রতিষ্ঠানটি বছরে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে থাকে, যা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্লেষকরা আরও বলছেন, ইরান-সম্পর্কিত উত্তেজনার কারণে পেট্রোকেমিক্যাল খাতে যে চাপ তৈরি হয়েছে, তা শুধু কারেক্স নয়—চিকিৎসা সামগ্রী, বিশেষ করে গ্লাভস প্রস্তুতকারকসহ আরও অনেক শিল্পে প্রভাব ফেলছে। ফলে বৈশ্বিক সরবরাহ চেইনে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।