চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই একটি সুসংগঠিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতেও দেখা গেছে যে চট্টগ্রাম কলেজের শিবির সংশ্লিষ্ট এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে হামলায় নেতৃত্ব দিচ্ছেন। তবে ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপিয়ে একটি ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি করার চেষ্টা চলছে, যা বিভ্রান্তিকর ও নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন।
নাসির উদ্দিন নাসির আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে প্রভাব বিস্তার ও গুপ্ত তৎপরতার অভিযোগ রয়েছে। প্রকাশ্যে এক রূপ এবং অন্তরালে ভিন্ন কৌশল—এটিকে তিনি সংগঠনটির ‘পুরোনো চরিত্র’ হিসেবে উল্লেখ করেন। তার প্রশ্ন, সত্য তুলে ধরে তাদের ‘গুপ্ত’ সংগঠন হিসেবে অভিহিত করলে তাদের এত অস্বস্তি কেন?
সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের বহু নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয় ওই স্ট্যাটাসে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আশ্বাস দেন।
নাসির উদ্দিন নাসির বলেন, ‘ঘৃণা, সংঘাত ও অশান্তি সৃষ্টিকারী এই গুপ্ত রাজনীতির হোতারা সচেতন শিক্ষার্থীদের রোষানলে বিলীন হবে। সংগ্রাম ও সৌন্দর্যের মেলবন্ধনে ছাত্রদল ফিরিয়ে আনবে শান্তি, শৃঙ্খলা ও বিশ্বাসের নতুন বাংলাদেশ।’