কমনওয়েলথ ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০২৬ এর তালিকায় জায়গা করে নিয়েছেন চারজন বাংলাদেশি তরুণ। রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি) প্রকাশিত এ বছরের ১০০ তরুণ নেতার তালিকায় তাদের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো আবেদনকারীর মধ্য থেকে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে এসব তরুণকে নির্বাচন করা হয়েছে।
ঢাকার ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে নির্বাচিত চার তরুণ হলেন- ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর শাহ রাফায়াত চৌধুরী, ‘টিচ ফর বাংলাদেশ’-এর মুনিয়া ইসলাম মজুমদার, ‘ফার্ম সলিউশন বিডি’-এর ইমরান হামিন এবং ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’-এর মো. রেজওয়ানুল ইসলাম শুভ।
তারা শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় এই সম্মাননা পেয়েছেন।
এই স্বীকৃতির অংশ হিসেবে নির্বাচিত তরুণরা আগামী কয়েক মাস বিশেষ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। এতে তাদের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই অর্জনে চার তরুণকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের কাজ কমনওয়েলথের মূল্যবোধ, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের প্রতিফলন।
তথ্যসূত্র: বিএসএস
শীর্ষনিউজ