Image description

মাদারীপুরে ফরম পূরণের টাকা আত্মসাত করায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

 

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এর আগে রোববার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলে জানতে পারে, তাদের প্রবেশপত্র আসেনি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ২০ শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়। পরে তাদের পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়ে জনপ্রতি ১৫ হাজার টাকা করে নেওয়া হয়।

 

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য প্রায় তিন লাখ টাকা সংগ্রহ করা হলেও তা ব্যাংকে জমা দেওয়া হয়নি। ফলে ওই ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইস্যু হয়নি। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

 

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়েছে।