দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা নিজের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি, অপমান এবং দলীয় কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন। পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
তাকে দেখে নেওয়ার হুমকির কথা পূর্বে বলা হয়েছিল এবং বাস্তবেও তা কার্যকর করা হয়েছে বলে পোস্টে দাবি করেন হাসনাহেনা হীরা।
তার ভাষ্য অনুযায়ী, তার আন্দোলন, সংগ্রাম এবং সামাজিক কাজকে মূল্যায়ন করা হয়নি এবং দিনাজপুরে সৎ ও যোগ্য রাজনীতিবিদদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না।
হাসনাহেনা হীরা অভিযোগ করেন, দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রী নিজের পছন্দ অনুযায়ী দলীয় পদ প্রদান ও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন এবং অনৈতিক ব্যক্তিদের সমর্থন দিয়ে আসছেন। তিনি ২০২২ সালে দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় তার নমিনেশন বাতিলের চেষ্টা করা হলেও তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন কর্মসূচিতে তাকে অপমান করা হলেও তিনি কখনও অসন্মানজনক আচরণ করেননি। নিজেকে একজন সৎ ও নিবেদিত কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির জন্য নিজের সম্পদ বিক্রি করেও কাজ করেছেন।
সবশেষে তিনি বিষয়টি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করেন।