Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির প্রকাশিত ৩৬ জন প্রার্থীর তালিকায় মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের নেত্রী মানসুরা আক্তার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সমর্থকদের প্রতি সংযত আচরণের আহ্বান জানিয়েছেন।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মানসুরা আক্তার লেখেন, প্রিয় শুভাকাঙ্ক্ষী-সহযোদ্ধারা, আপনারা ইতোমধ্যে শুনেছেন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আমি দল ও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। এক দশকের লড়াইয়ের পূর্ণতার ভাগিদার আপনারা সবাই।”

তিনি আরও লেখেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আমার সঙ্গে তুলনা করে অন্য নারীদের হেয় করছেন। এটি সর্বাবস্থায় ঘৃণিত। আপনারা এই কাজের মাধ্যমে আমার এই বিজয়কে কলুষিত করছেন। মনে রাখবেন, পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী।

পোস্টে তিনি লেখেন, যখন সাইবার স্পেসে বুলিংয়ের মাধ্যমে আমাকে হেয় করা হতো, তখন আপনারাই ছিলেন আমার শক্তি। আপনারা জয়ী হয়েছেন। এবার আপনাদের বিনয়ী হতে হবে। যদি তা না পারেন, তাহলে আমার এই বিজয়ের কোনো স্বার্থকতা থাকবে না। সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানান।