জামায়াতকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্ত বিভ্রান্তকারীরা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করছে। ব্যক্তিগত ঘটনা রাজনৈতিক রূপ দিয়ে তারা বিভ্রান্ত করছে। তারা ৭১, ৮৬, ৯৬, ১/১১ এর সময় জাতিকে বিভ্রান্ত করেছে। এদের বিষয় সর্তক থাকতে হবে। জনগণের স্বার্থে যেই কাজ তারা সেটা রেখে দেয়, কীভাবে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে তা নিয়ে ষড়যন্ত্র করছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যক্তিগত ঘটনা রাজনৈতিক রূপ দিয়ে তারা মানুষদের বিভ্রান্ত করছে। তারা ৭১, ৮৬, ৯৬, ১/১১ এর সময় জাতিকে বিভ্রান্ত করেছে। কীভাবে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে তা নিয়ে ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এ দেশের স্বাধীনতা ও অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস করা যায় না। ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, যারা সংস্কার-সংস্কার বলে জাতিকে বিভ্রান্তি করতে চাচ্ছে, তারা নারীদের নিয়ে কোনো কথা বলে না, কীভাবে আইনশৃঙ্খলা ঠিক করতে তা বলে না। তারা শুধু সংবিধান সংবিধান সংস্কার বলে বিভ্রান্ত করছে। বিএনপি সরকার কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে পা দেবে না। বিএনপিকে মানুষ ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে। জুলাই সনদসহ মানুষকে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, সেটা বাস্তবায়ন করবো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছিল, তখন অন্য কোনো রাজনৈতিক দল স্বৈরাচারের ভয়ে সংস্কার উচ্চারণ করেনি। বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছিল। ঐক্যমত কমিশনে আলোচনা করে বিএনপি জানিয়েছে, কোনটায় বিএনপি একমত, কোনটা করবে না। সেভাবেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে সরকার বাস্তবায়ন করবে। তবুও কিছু রাজনৈতিক দল সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করতে নানা কথাবার্তা বলছে।
শীর্ষনিউজ