বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালীন সময়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যেই অপর্যাপ্ত আলোর কারণে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বলেন অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে দুটি বিদ্যুতের লাইন থাকলেও একটিতেও বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়েই মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন। এমনকি বিদ্যুৎ সংশ্লিষ্টদের একাধিকবার ফোন করা হলেও তারা জানায়, বিদ্যুতের ট্রান্সমিটারের কাজ চলছে। প্রায় ঘণ্টাখানেক শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন। ওইদিন বিএম কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি সোলার বসানো যায় কি না। এটা তো বড় প্রজেক্ট। সোলারের অনেক দাম। আমাদের কিছু সোলার আছে। আরও বড় করে যেন করা যায়, সে বিষয়ে সরকারের সঙ্গে কথা বলব।
এ বিষয়ে বরিশাল ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন বরিশাল সরকারি মহিলা কলেজে যে বিদ্যুৎ নেই, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি, এমনকি ফোনও করেনি। আর এখন চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম। তাই এমন হচ্ছে। কবে নাগাদ উৎপাদন বাড়বে, সেটা উৎপাদন সংশ্লিষ্টরা ভালো বলতে পারবে।