ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা উপেক্ষা করে বর্তমান সরকার তাদের সঙ্গে প্রতারণা করছে। জুলাই বিপ্লব কোনো একক দলের নয়, বরং এটি এদেশের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নগরের লাভলেইনের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শান্তদের আমরা যুগের পর যুগ শ্রদ্ধার সাথে স্মরণ রাখব। কিন্তু আবরার ফাহাদের খুনিদের আমরা সবসময় ঘৃণা করব।
তিনি আরও বলেন, পিএসসিতে আগের মতো আবারও দলীয়করণ শুরু হয়েছে।
রাষ্ট্র মেরামতের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমরা সবাই রাজপথে নেমেছিলাম ইনসাফ কায়েম করতে। এই প্রজন্ম আগামী ৪০ থেকে ৫০ বছর বাংলাদেশে থাকবে এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
বক্তারা মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার এবং জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।