চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে আনুমানিক ৫০ থেকে ৬০ জন অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
মিছিলের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি নুরুল আজিম রনির ছবি দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে চান্দগাঁও থানার পুলিশ ভিন্ন অবস্থান নিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, ‘আমাদের এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। পুলিশ ছাড়াও এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে, তাদের কাছ থেকেও এমন তথ্য পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, ঘটনাটি অন্য কোনো এলাকায় ঘটতে পারে।