কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী ৪ মে থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের আসরে অংশ নেবে ১২টি দল।
শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ চলাকালে গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
ডিপিএলের দলবদল নির্ধারিত রয়েছে ১৮ ও ১৯ এপ্রিল। দল বদল শেষে ক্লাবগুলো তাদের প্রস্তুতি শুরু করবে। একই সঙ্গে মাঠের মান উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে বিসিবি।
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান জানান, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মাঠের মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। আম্পায়ারিং থেকে শুরু করে উইকেট ও আউটফিল্ড সবকিছু আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
ক্রিকেটারদের সুবিধা ও নিরাপত্তার বিষয়েও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। গরমের কথা বিবেচনায় রেখে ম্যাচ চলাকালে খেলোয়াড়দের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি ম্যাচের জন্য রাখা হবে রিজার্ভ ডে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ভেন্যুতে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম রাখার পরিকল্পনাও রয়েছে।
এ ব্যাপারে তিনি বলেন, ‘গরমে ক্রিকেটারদের কষ্টের কথা চিন্তা করে বিসিবির পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হবে। এ ছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রতিটি মাঠে অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম রাখার চেষ্টা করব আমরা।’
আম্পায়ারিং নিয়ে অতীতে যে বিতর্ক ছিল, তা দূর করার ব্যাপারেও জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে আম্পায়ারদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া ভালো মানের উইকেট নিশ্চিত করতেও কাজ চলছে বলে জানান রফিকুল ইসলাম বাবু। অভিজ্ঞ কিউরেটরদের তত্ত্বাবধানে স্পোর্টিং উইকেট তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারেন খেলোয়াড়রা।