আগামী এক মাসের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার (১৭ এপ্রিল) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত যেসকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ (কেন্দ্রীয় নির্বাহী সংসদের আওতাধীন সাংগঠনিক জেলা মর্যাদার ইউনিট) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি সেসকল ইউনিটকে আগামী ১৭ মে’র মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে প্রেরণ করার নির্দেশনা প্রদান করা যাচ্ছে। প্রেরণের মাধ্যম: [email protected]
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট দ্বায়িত্বপ্রাপ্ত ইউনিটে সার্বিক তত্ত্বাবধান করার নির্দেশনা দেওয়া হয়।
‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’–এর ক্ষমতাবলে ২০২৪ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সংগঠটির বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন