Image description

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মী সমর্থকদের ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাবে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার বাসার সামনে আজ সকালে মব সৃষ্টি ও হামলার ঘটনা বিএনপি সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার ইঙ্গিত বহন করে। রাশেদ প্রধানের বক্তব্যে একটি শব্দ ব্যবহারকে কেন্দ্র করে পরমতসহিষ্ণু রাজনীতির পরিবর্তে ‘মব সৃষ্টি’ নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কার আকাঙ্ক্ষার পরিপন্থি। আমি রাশেদ প্রধানের বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং রাশেদ প্রধানের বাসা ও তার ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি।

তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবে হওয়া উচিৎ। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন ও আইনের শাসনের পরিপন্থি এ ধরনের কোনো প্রকার মবের স্থান বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না। জনগণকে ভীত সন্ত্রস্ত করে যে কোনো প্রকার দুর্বৃত্তায়নও বাংলাদেশের মানুষ রুখে দেবে। মবের সময় পুলিশ প্রশাসনের নির্বিকার থাকাটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এতে করে নাগরিকের আইনের শাসন পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিব জনি নন্দীর ওপর যে হামলা হয়েছে ও তাকে আটক করা হয়েছে- তারও নিন্দা জানাই এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর বিরোধীদলের নেতাকর্মীদের ওপর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হামলা, চাঁদাবাজি, হাসপাতালে মববাজিসহ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে নানা অপকৌশল নিয়েছে, যা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। বিএনপিকে নেতাকর্মীদের উশৃঙ্খলতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।