মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদক কারবারির তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সজল কান্তি বাউরি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সজল কান্তি বাউরি পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় সোনারুপা চা-বাগানের বাসিন্দা।
ফেসবুক পোস্টে সজল কান্তি লেখেন, ‘মাদকের আড়ালে যারা দেশ ও তরুণ সমাজকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে। মাদক ব্যবসায়ীদের সঠিক ঠিকানা, মুঠোফোন নম্বর ও অবস্থানসহ গোপন তথ্য দিলে এবং তা যাচাই-বাছাই সাপেক্ষে সঠিক প্রমাণিত হলে তথ্যদাতাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।’
উদ্যোগটির বিষয়ে জানতে চাইলে সজল কান্তি বাউরি এশিয়া পোস্টকে বলেন, ‘আমাদের সোনারুপা চা-বাগান এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। বাগানে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের পাট্টা (মদের দোকান) থাকলেও দাম বেশি হওয়ায় সাধারণ শ্রমিকরা তা কিনতে পারেন না। এর ফলে এক শ্রেণির অসাধু লোক সস্তা ও বিষাক্ত চোলাই ও হাড়িয়া মদ তৈরি করছে। এতে সার, পচা ভাত ও বিভিন্ন লতাপাতা মেশানো হচ্ছে, যা শ্রমিকদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।’
তিনি বলেন, ‘এই মাদকের কারণে এলাকায় পারিবারিক অশান্তি, চুরি ও সংঘর্ষের ঘটনা বেড়েছে। অনেক সময় পুলিশি অভিযানের খবর কারবারিরা আগে থেকেই টের পেয়ে যায়, তাই সাধারণ মানুষকে তথ্য দিতে উৎসাহিত করতেই এই পুরস্কারের ঘোষণা। পোস্ট দেওয়ার পর কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে।’
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দিন বলেন, ‘মাদকসংক্রান্ত তথ্য পুলিশ বা প্রশাসনকে জানানো ইতিবাচক। তবে এ ধরনের ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধিরা তথ্য পেয়ে পুলিশকে জানালে আমরা যাচাই-বাছাই সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেব।’