Image description

সারাদেশের মেডিকেল শিক্ষার্থীদের মজলিশ-ই-সিরাতুন্নবী (স.) আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মেডিকেল জোন ছাত্রশিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় ‘জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রভাষক ড. আবুল কালাম আজাদ বাশার। মেডিকেল জোন সেক্রেটারি ডা. জুলফিকার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল জোনের সভাপতি ডা. যায়েদ আহমাদ।

বক্তারা তাদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদের (স.) সিরাত অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন এবং ব্যক্তি ও সমাজজীবনে সীরাতের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে শিবির নেতা ফখরুল ইসলাম বলেন, আধুনিক যুগে সমাজে নব্য আইয়ামে জাহেলিয়াত লক্ষ্য করা যাচ্ছে। একমাত্র রাসূলের (স.) সিরাতই পারে এই পরিস্থিতি থেকে মানবজাতিকে মুক্তি দিতে। তাই সিরাতকে গভীরভাবে অধ্যয়ন করে সেই আলোকে জীবন পরিচালনা করতে হবে।

প্রধান আলোচক ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, রাসূল (স.) বলেছেন, মুসলমানরা পরস্পরের ভাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারত না। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতনের অন্যতম কারণ হলো সিরাতভিত্তিক ঐক্যের অভাব।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত ৪০ প্রতিযোগীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। এর আগে গত রমজানে দুটি গ্রুপে জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক গ্রুপে ছিলেন সদ্য মেডিকেলে ভর্তি হওয়া ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা, খ গ্রুপে ছিলেন ২০২০-২১ থেকে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। উভয় গ্রুপ থেকে ২০ জন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারের মোট পরিমাণ ছিল ২ লক্ষাধিক টাকা।

অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও সীরাত চর্চা ও ইসলামী মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।