রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। দুই কিলোমিটারের এ খালটি খনন হলে প্রায় ৫০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাঙ্গুনিয়া উপজেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল। এ বিপ্লবটা সমাপ্ত হয়নি। বিপ্লবটি যদি প্রেসিডেন্ট জিয়ার চিন্তা ধারণা দূরদর্শিতার আলোকে সমাপ্ত হত, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত। বাধাগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন এ কাজ স্থবির ছিল। এ স্থবির হওয়া অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে। যত বাধা-বিপত্তিই থাকুক, খাল খালের গতিতে চলবে, প্রবাহ প্রবাহের গতিতে থাকবে। এটি হল জনগণের চাওয়া, জনগণের পাওয়া। জনগণের কল্যানে এ প্রকল্পে বাস্তবায়ন করতে হবে। সবাই সহযোগিতা করবেন। কৃষি কাজের ব্যাপক প্রসার ঘটাতে হবে। কৃষির বহুবিধ উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলক ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন বান্টু ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য জামশেদ আলী তালুকদার।