আগামী ২০ তারিখ থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে হামের টিকার কোনো সংকট নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
যথা সময়ে হামের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে। পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
আসন্ন মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, সামনে যক্ষ্মার প্রকোপ বাড়তে পারে। এ শঙ্কা থেকে আগেভাগেই টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
বিগত সরকার কোনো ধরনের ভ্যাকসিন কিনে যায়নি, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারকে এই জরুরি সামগ্রী জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে।