নেতৃত্ব দিতে হলে আগে রাষ্ট্র এবং এর রীতিনীতি বুঝতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বসিলায় ‘বাংলার ইতিহাসের পুনর্গঠন ও ভবিষ্যতের রাষ্ট্রকল্প’ শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।
সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, ব্রিটিশদের সঙ্গে উপমহাদেশের স্বাধীনতা খর্ব হওয়ার পর এ দেশের আলেমরা দীর্ঘ সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের ধারাবাহিকতায় আলেমরা একপর্যায়ে ব্যাকফুটে চলে যান। পরে মুসলমানদের মৌলিক আকিদা-বিশ্বাস সংরক্ষণের লক্ষ্যে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ পরবর্তী বাংলাদেশে ইসলামের মৌলিক বিষয়াবলি সংরক্ষণের পাশাপাশি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
রাষ্ট্র পরিচালনার বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো ক্ষেত্রে পরিবর্তন আনা বা নেতৃত্ব দেওয়ার আগে সেই বিষয়টি গভীরভাবে বোঝা অপরিহার্য।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় একটি বড় ধরনের বঞ্চনা ও বিকৃতি ঘটেছে। এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে মুসলমানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ইতিহাসচর্চায় তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
এর জন্য বাইরের কোনো শক্তিকে নয়, বরং নিজেদের উদাসীনতা, বুদ্ধিবৃত্তিক দুর্বলতা ও ঐতিহাসিক দায়িত্বহীনতাকেই দায়ী করেন মাহমুদুর রহমান।
তিনি তরুণ গবেষক ও আলেম সমাজকে ইতিহাসচর্চায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ইতিহাস শুধু অতীতের বর্ণনা নয়, এটি একটি জাতির আত্মপরিচয় গঠনের প্রধান উপাদান উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ইতিহাসকে সঠিকভাবে পুনর্গঠন করতে না পারলে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোও সঠিকভাবে নির্মাণ করা সম্ভব হবে না।
সেমিনারে আরও বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ইতিহাসবিদ মোহাম্মদ আব্দুল মান্নান, রাষ্ট্রচিন্তক জগলুল আসাদ, এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের চেয়ারম্যান ডা. উসমান গনী ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।