গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে মোটরসাইকেলসহ যানবাহনের বিক্ষুব্ধ চালকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শহরের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে এ সড়ক অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও তা সরবরাহ না করায় ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তেল নিতে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা মহাসড়ক অবরোধ করেন। এতে দেড় থেকে দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার বাসের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে পাম্পে তেল সরবরাহ শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
নিগি ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান বলেন, গতকাল বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত আমরা নিয়মিত তেল সরবরাহ করেছি। কিন্তু জনবল সংকটের কারণে আজ সমস্যা তৈরি হয়েছে। পাঁচ কর্মীর জায়গায় মাত্র দুজন কাজ করছিল। গতকাল রাত ৮টার পর পাম্প বন্ধ করতে গেলে প্রশাসনের হস্তক্ষেপে তাদের দিয়ে রাত ২টা পর্যন্ত কাজ করানো হয়। অতিরিক্ত চাপের কারণে তারা সকালে কাজে আসেননি। ফলে তেল থাকা সত্ত্বেও সরবরাহ ব্যাহত হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তেল সরবরাহ চালু হয়েছে।