Image description

সাইবার অ্যাক্ট মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

গ্রেপ্তার ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর মহিলা কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তবে অতীতে এ ধরনের আইনের অপব্যবহার করে বাকস্বাধীনতা দমন করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকার কথা থাকলেও, ভোলার এই গ্রেপ্তার সেই প্রত্যাশার পরিপন্থি।’

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের জমজম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। অভিযোগ করা হয়, কোনো ধরনের সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ছাড়াই তাকে আটক করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতের পারিবারিক পরিস্থিতির কথাও তুলে ধরা হয়। বলা হয়, বিবি সাওদার তিন বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে বলে দাবি করেন নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মওলানা হারুন অর রশিদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন— জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামসহ অন্য নেতারা। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিবি সাওদার মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শীর্ষনিউজ