Image description

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ অনেকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ দিয়েছেন মো. মশিউর রহমান (মামুন) নামের যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ সোমবার এই অভিযোগ দেন মশিউর রহমান। গুম ও নির্যাতনের অভিযোগ করার জন্য দেশে এসেছেন বলে জানান মশিউর রহমান। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন বলে জানান ।

শেখ হাসিনা ও মামুন খালেদ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধেও অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মশিউর রহমান। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, সবার নাম প্রকাশ করেননি তিনি। অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেও অভিযোগ দিয়েছেন তিনি।

মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে তাঁকে প্রথমবার গুম করা হয়। এরপর ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবার তাঁকে গুম করে। গুম রেখে দীর্ঘ ছয় মাস তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। ২০১৫ সালের ২৩ আগস্ট তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) গারদে রাখা হয়। পরে তাঁকে আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে কারাগারে নেওয়া হয়। কারাবাসের পর মুক্তি পেলে একপর্যায়ে তিনি যুক্তরাজ্যে চলে যান।

মশিউর রহমান বলেন, তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। গুম, নির্যাতনের কারণে তিনি এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।