দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৫৪ জন নিশ্চিত ও ৯৭৪ জনের শরীরে হামের সন্দেহজনক উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মারা যাওয়াদের সর্বোচ্চ ৫ জন কুষ্টিয়া জেলার বাসিন্দা।
আজ রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই প্রতিবেদন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক এবং ৯২৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪৭০ জন, যার মধ্যে ৩ হাজার ৩৮০ জন ছাড় পেয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে ১১৩ এবং নিশ্চিত ১৭ জনের মৃত্যু হয়েছে।