‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাজুল ইসলামের পেজ ‘তাজু ভাই ২.০’ খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে পেজটি।
তাজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন এই তথ্য জানান। তবে এটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবি করেছেন তিনি।
১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ‘ভাইরাল’ হয়ে যান তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে ভিডিওটি ট্রোলের উদ্দেশ্যে ব্যাপক শেয়ার হতে থাকে।