Image description

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ী গ্রামে পুকুরে ডিজেল লুকিয়ে রাখার দায়ে নজরুল ইসলামের স্ত্রী তেল ব্যবসায়ী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

তিনি অধিক মুনাফা অর্জনের জন্য ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রেখেছিলেন।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।

ওই ব্যবসায়ী হলেন কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, অধিক দামে বিক্রির উদ্দেশে তেল ব্যবসায়ী আসমা খাতুন ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে পানিতে লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করে। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তেল ব্যবসায়ী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তেলের অবৈধ মজুদ ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে।

আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।