হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া তিনি স্বাস্থ্যমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
এতে গোলাম পরওয়ার বলেন, চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ জন এবং এ বছর মোট ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে। এ বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। দেশবাসীর ধারণা, স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।