ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ঢাকামুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। ময়মনসিংহ জংশন হয়ে চলাচলকারী ঈশ্বরগঞ্জ কমিউটার ট্রেনে দেখা গেছে তীব্র ভিড়। যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ছাদ, দরজা ও বগির বাইরের অংশে ঝুলে যাতায়াত করছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে ময়মনসিংহ স্টেশনের অদূরে ঢাকাগামী চলন্ত ট্রেনের ভেতর জায়গা না পেয়ে শত শত যাত্রী ছাদে উঠে বসে।
যাত্রীদের অভিযোগ, বাসসহ অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। মূলত এই কারণেই ট্রেনে ঢাকা যাচ্ছে যাত্রীরা।
ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, ঈদের পর যাত্রীচাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়। আমরা অতিরিক্ত বগি সংযোজন ও বিশেষ ট্রেন চালুর চেষ্টা করছি। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ছাদে বা ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে।
ময়মনসিংহ স্টেশন প্ল্যাটফর্ম সুপারিনটেনডেন্ট হারুন অর রশিদ জানান, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এভাবে ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ট্রেন ও বগি সংযোজন জরুরি। অন্যথায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।