Image description

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ জলিলকে মরণোত্তর বীর উত্তম খেতাব দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) দেলোয়ার হোসেন খান, যিনি ডেল এইচ খান নামে পরিচিত।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, মেজর জলিলের মতো একজন সেক্টর কমান্ডারকে এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি ‘ট্র্যাজিক অধ্যায়’।

ডেল এইচ খান বলেন, একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও কেন মেজর জলিলকে বীর উত্তম খেতাব দেওয়া হয়নি, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা অতীতের সরকারগুলো দিতে পারেনি। যুদ্ধের ময়দানে তার বীরত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু স্বাধীনতার পর ভারতীয় বাহিনীর লুণ্ঠনের প্রতিবাদ করায় তাকে কারাবরণ করতে হয়েছিল। এটি ছিল একজন দেশপ্রেমিক সৈনিকের জন্য চরম অপমানজনক।

তিনি আরও বলেন, পরবর্তী সরকারগুলোও এই অন্যায়টি সংশোধন করার কোনো উদ্যোগ নেয়নি। মেজর জলিল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার অবদান চিরকাল অম্লান থাকবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডেল এইচ খান বলেন, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে তার বীরত্বকে স্বীকৃতি দিয়ে তাকে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাব প্রদান করা হোক। একজন বীরকে তার প্রাপ্য সম্মান দিলে রাষ্ট্রের মর্যাদা কমে না বরং বাড়ে।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই ঐতিহাসিক ভুলটি সংশোধন করার এখনই সময়। এটি কেবল মেজর জলিলের প্রতি সম্মান নয়, বরং এটি পুরো মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা।