Image description
 

ইরানকে ঘিরে সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে দূতাবাস বলেছে, তেহরান পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে না।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএস অ্যাম্বাসে বাগদাদ ট্রাম্পের একটি সাদাকালো ছবি শেয়ার করে। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগোসহ লেখা ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন, ইরানি শাসনব্যবস্থা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করা অব্যাহত রাখতে পারে না।

১৯ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে চলমান আলোচনায় একটি অর্থবহ চুক্তি করতে ১৫ দিনের সময়সীমা দেন। অন্যথায় “খারাপ কিছু” ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে ইরানি কর্মকর্তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অধিকার পুনর্ব্যক্ত করেছেন।

 

বার্তা সংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরান-সম্পর্কিত সামরিক পরিকল্পনায় যুক্তরাষ্ট্র অনেক দূর এগিয়েছে। সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা বা তেহরানে শাসন পরিবর্তনের বিষয়ও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 
 

এদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ইরাক ও উপসাগরীয় অঞ্চলের কিছু স্থানে তাদের কূটনৈতিক কর্মীসংখ্যা কমিয়েছে বলে ইরাকি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ইরাক সরকার ইরানের বিরুদ্ধে সহিংসতা ব্যবহারের বিরোধিতা করে আসছে।