পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, দল ও জনগণের অধিকার রক্ষায় লড়াই করা এবং প্রয়োজনে কারাবরণ করা একজন নেতার প্রধান দায়িত্ব। কারাবাস কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি ইবাদতের জায়গা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রহিম ইয়ার খান থেকে ৪০ কিলোমিটার দূরে জামালদিনওয়ালিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিটিআই নেতা ইমরান খানের নাম সরাসরি উল্লেখ না করে জারদারি বলেন, মাত্র ১৮ মাস বন্দি থাকার পরই তারা জেলের পরিবেশ নিয়ে অভিযোগ শুরু করেছেন।
কারাবন্দি ইমরান খানের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট জারদারি বলেন, ‘কখনও তারা বলেন তাদের চোখে ব্যথা করছে, আবার কখনও অভিযোগ করেন যে সেখানে দুধ পাওয়া যাচ্ছে না। যারা এ ধরনের ঠুনকো অভিযোগ করেন, তাদের ত্যাগের মানসিকতা ও সাহস—কোনোটিই নেই।’
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জারদারি বলেন, আমি নিজে ১৪ বছর জেল খেটেছি, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু কখনও সাহস হারাইনি। কারাগার হলো ইবাদতের জায়গা, আর যারা সেখানে ইবাদত করেন, তাদের দোয়া কবুল হয়।
রাজনৈতিক কর্মীদের গ্রেফতারিতে ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পাকিস্তান পুনর্গঠন ও উন্নয়নের মিশন পূরণ না হওয়া পর্যন্ত তিনি পিছু হটবেন না। তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, আগামীতে পিপিপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে এবং বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।
দেশের সম্পদ বেসরকারীকরণের বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে জারদারি বলেন, এই দেশ জনগণের। জাতীয় সম্পদ কখনও বিক্রি করে দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট জারদারি শনিবার বিকেলে শেখ জায়েদ বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি দক্ষিণ পাঞ্জাবের পিপিপি নেতা মাখদুম আহমেদ মাহমুদের নিজ এলাকা জামালদিনওয়ালিতে পৌঁছান। সেখানে তিনি আরও দুই দিন অবস্থান করবেন বলে জানা গেছে।