ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করার অভিযোগে বরপক্ষকে প্লাস্টিকের খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার অনুষ্ঠানে বরপক্ষকে বাড়িতে ডেকে প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় রাখার পর তাদের হাতে খেলনা গাড়িটি তুলে দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিরাটের ভবনপুর এলাকার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পরতাপুর থানার সোলানা গ্রামের বাসিন্দা বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে যৌতুকের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এক লাখ রুপি দিয়েছিল।
প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। বরপক্ষ জমি বিক্রির বিষয়টি জানার পর যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করে বলে অভিযোগ। বাব্বর তাদের বোঝানোর চেষ্টা করলেও বরপক্ষ দাবি থেকে সরে আসেনি।
এ অবস্থায় শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাদের অপেক্ষায় রাখেন তিনি। পরে বরের বাব্বরের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি তুলে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, ‘আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’
এরপর বরপক্ষের দেয়া বাগদানের উপহার ফিরিয়ে দিয়ে বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবারের সদস্যরাই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।