Image description

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে রাজনৈতিক সমঝোতায় কোনো ছাড় দেননি বলে দাবি করেছেন ইসরায়েলের আরব রাজনৈতিক দল রা’আমের চেয়ারম্যান মানসুর আব্বাস। তার ভাষ্য, এ অবস্থানের পেছনে রাজনৈতিক হিসাব নয়, বরং ইসরায়েলের আরব জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়টি কাজ করেছে। রবিবার আরবি ভাষার রেডিও নাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আব্বাস বলেছেন, তার দলের লক্ষ্য হলো একটি ‘পরিবর্তনের সরকারে’ প্রভাবশালী অংশীদার হওয়া। এ সরকার ইসরায়েলের আরব জনগোষ্ঠীর সুরক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করবে।

তিনি বললেন, ‘আপনারা দেখবেন, আমি বিনামূল্যে কিছুই ছাড়িনি। এটি এমন একটি অবস্থান, যার সঙ্গে রাজনৈতিক সমঝোতার কোনো সম্পর্ক নেই।’

এন১২ নিউজকে শনিবার সন্ধ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন আব্বাস। তিনি বলেছেন, ‘বছরের পর বছর ধরে আমরা হামাসের কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছি। এ বিষয়ে আমাদের মৌলিক অবস্থান স্পষ্ট।’

আব্বাসের ভাষ্য, ‘আপনারা কি দেখছেন না, সেখানে লেখা আছে হামাস একটি সন্ত্রাসী সংগঠন? ব্যস, বিষয়টি এখানেই শেষ।’ এ সময় তার সই করা একটি বিলের লেখা উল্লেখ করেন তিনি।

আব্বাসের সাক্ষাৎকার নেওয়া দানা ওয়েইস জানতে চান, নির্বাচনের আগে কেন তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে রাজি হননি।

জবাবে আব্বাস বললেন, ‘আমরা কথা বলব কি না, তা নিয়ে আমাদের দ্বিধার সঙ্গে হামাসের কর্মকাণ্ড, অবস্থান বা আচরণের কোনো সম্পর্ক নেই। আমরা তাদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছি এবং সেগুলোকে নিঃসন্দেহে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছি।’

তিনি আরও বলেন, ‘কিছু মানুষ বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ কারণে তারা আমাদের এ বিষয়ে কোণঠাসা করেছে। পাশাপাশি আমরা এটাও নিশ্চিত করতে চাই, যেন এর অজুহাতে প্রতিটি ফিলিস্তিনি শিশু, নারী এবং পুরো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা না হয়।’

আব্বাস বললেন, ‘বিষয়টি এখনো জটিল। সন্ত্রাসবাদে আমাদের সমর্থন রয়েছে— এমন অভিযোগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে বিভিন্ন দিক রয়েছে। ব্যক্তিগত পর্যায়, আরব সমাজের পর্যায়, সামগ্রিকভাবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক এবং সংঘাতকে কীভাবে দেখা হচ্ছে— এসব বিষয় এর সঙ্গে জড়িত।’

সূত্র: জেরুজালেম পোস্ট