ফ্রান্সজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ হয়েছে। এরমধ্যে প্যারিসে হয়েছে আলাদা আলাদা দুটি বিক্ষোভ মিছিল। তবে কোন সহিংসতা হয়নি। নারীর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও বৈষম্যের প্রতিবাদে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে করা হয় এসব মিছিল।
এর আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছিল,যা পরবর্তীতে রূপ নেয় সহিংসতায়।
শনিবার নারী অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের আহ্বানে পালিত হয় এসব কর্মসূচি। ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ অংশ নেয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে।
গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মোট ৪৪ হাজার ৫০০ মানুষ বিক্ষোভে অংশ নেন।
অন্যদিকে, প্যারিস পুলিশ কর্তৃপক্ষের হিসাবে রাজধানীতে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১২ হাজার ৫০০। তবে আয়োজকদের দাবি, প্যারিসের দুই মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৫৫ হাজার।
প্যারিসে সাংগঠনিক মতপার্থক্যের কারণে এবার অনুষ্ঠিত হয় দুটি পৃথক মিছিল। দুপুর ২টায় প্লাস দ্য লা রিপাবলিক থেকে প্লাস দ্য লা নাসিওঁ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করে নারীবাদী সংগঠন ‘নুতু তু’।
এতে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন, বেসরকারি সংস্থা, নারী অধিকারকর্মী এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যরা অংশ নেন।
বিক্ষোভকারীদের হাতে ‘আমাদের জীবন তোমাদের মুনাফার চেয়ে মূল্যবান’ এবং ‘ধর্ষক ও নির্যাতনকারীদের জন্য লালগালিচা নয়’; এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
অন্যদিকে, ‘গ্রেভ ফেমিনিস্ত’ জোটের উদ্যোগে প্লাস দ্যু পান্তেওঁ থেকে প্লাস দ্য ইতালি পর্যন্ত আরেকটি মিছিল বের হয়। এতে বিভিন্ন নারী অধিকার সংগঠন, সিজিটি ও অন্যান্য শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মিছিলকারীরা নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং যৌন নিপীড়ন ও লিঙ্গভিত্তিক বৈষম্য প্রতিরোধে সমন্বিত আইন দ্রুত কার্যকরের দাবি জানান।
এ সময় সিএফডিটি এর সাধারণ সম্পাদক মারিলিজ লেওঁ বলেন, নারীর সমান মজুরি নিশ্চিত করা এবং যৌন নিপীড়ন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। সিজিটির সাধারণ সম্পাদক সোফি বেনে নারী অধিকার আন্দোলনের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় নারী অধিকার পরিষদের মুখপাত্র সুজি রোজমঁ বলেন, নারীর প্রতি যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রস্তাবিত সমন্বিত আইনটি নির্ধারিত সময়ের মধ্যে পাস করা তাদের অন্যতম প্রধান দাবি। আইনটি গত ১৩ অক্টোবর ফ্রান্সের জাতীয় পরিষদে প্রথম পাঠে গৃহীত হয়েছিল। আগামী জানুয়ারিতে এটি সিনেটে আলোচনার জন্য উত্থাপিত হওয়ার কথা রয়েছে।
এদিকে প্যারিসের বাইরেও ফ্রান্সের ত্রিশটিরও বেশি শহরে পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি। তুলুজ, মার্সেই, লিল ও লিয়ঁসহ বিভিন্ন শহরে নারী অধিকারকর্মী ও সাধারণ মানুষ মিছিল এবং সমাবেশে অংশ নেন। লিয়ঁ শহরে নির্দিষ্ট কিছু এলাকায় অননুমোদিত মিছিল এড়াতে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছিল প্রশাসন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রস্তাবিত আইনটি কেবল অপরাধের বিচার নয়, বরং সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।
সম্প্রতি এক স্কুলছাত্রী লিয়ানার মৃত্যুকে কেন্দ্র করে দেশটিতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
বিক্ষোভকারীরা মনে করেন, শুধু আইন প্রণয়ন করলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না; পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি। তাদের দাবি, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।