ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর হামলায় গুরুতর আহত সোমালিয়ান বংশোদ্ভূত উবারচালকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গত ১৪ নভেম্বর হামলার পর থেকে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত চালকের নাম মোহাম্মদ ইউসুফ। তার বয়স ৫১ বছর। শনিবার সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয় বলে জানিয়েছে মুসলিম অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।
অভিযোগ অনুযায়ী, হামলার পর ইউসুফকে গাড়ির সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হয়। তাকে নিজের গাড়ি দিয়ে চাপা দেওয়া হয় এবং পরে একটি খাদে ফেলে রেখে যায় হামলাকারী।
এ ঘটনায় ২৫ বছর বয়সি সামিত অপূর্ব প্যাটেলকে এর আগে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
ইউসুফের মৃত্যুর পর হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, অভিযোগ পরিবর্তন করে দ্বিতীয় মাত্রার ইচ্ছাকৃত হত্যার মামলা করা হবে।
প্যাটেলের আইনজীবী ক্যাথরিন টার্নার এক ইমেইলে বলেন, তার মক্কেল এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। মামলার তদন্ত চলমান থাকায় প্যাটেল ও তার পরিবার জনসাধারণকে আগাম সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন।
আদালতের নথি অনুযায়ী, ঘটনার সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তার ভাইও উবারচালক। ইউসুফ যাত্রী তোলার পর ওই যাত্রী তাকে বলেন, মোহাম্মদ নামটি তার পছন্দ নয়, যা ফোনে থাকা ইউসুফের ভাই শুনতে পান। পরে ফোনে তিনি ইউসুফের চিৎকার শুনতে পান। ইউসুফ সোমালি ভাষায় বলছিলেন, তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হয়েছে।
তবে কাউন্টি অ্যাটর্নি মরিয়ার্টি বলেছেন, হামলাটি বিদ্বেষপ্রসূত ছিল এমন অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
ইউসুফের পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে মোস্তফা ওসমান এর আগে জানিয়েছিলেন, তার বাবা ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। হামলার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং তাকে পাঁচবার অস্ত্রোপচার করতে হয়েছিল।
এই হামলার ঘটনায় সোমালি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় সবচেয়ে বড় সোমালি জনগোষ্ঠীর বসবাস, যাদের অনেকেই মিনিয়াপোলিস ও সেন্ট পল এলাকায় থাকেন। তাদের অধিকাংশই মার্কিন নাগরিক।