Image description

পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে গণতন্ত্র স্থায়ী হয় না বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার, ১৮ নভেম্বর সকালে কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দিলীপ। তার বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাজ্যে বিজেপি সরকারের পুলিশি নীতি এবং উত্তরপ্রদেশের আদলে শাসন চালানোর ইঙ্গিত নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপের দাবি, মুসলিম কোনও দেশেই গণতন্ত্র দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশ ও পাকিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে কখনও একনায়কতন্ত্র, কখনও রাজতন্ত্র, আবার কখনও সামরিক শাসন চলে। ভারতেও গণতন্ত্রের স্থায়িত্বের সঙ্গে প্রতিবেশী দুই দেশের তুলনা করেন তিনি। বাংলাদেশের কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান দিলীপ। তার দাবি, চিন্ময় এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। তার সুরক্ষায় ভারত সরকার এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থার পদক্ষেপ করা উচিত।

তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্য করেন পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থা নিয়ে। এনকাউন্টারের সমালোচকদের উদ্দেশে দিলীপ বলেন, পশ্চিমবাংলায় থাকতে অসুবিধা হলে তারা বাংলাদেশে চলে যেতে পারেন। ভিসা ছাড়াই পাঠিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি উত্তরপ্রদেশ ও গুজরাটের মতো শাসনব্যবস্থা চালুর হুঁশিয়ারি দেন।

এটি অবশ্য বিজেপির একার কোনও বিচ্ছিন্ন বক্তব্য নয়। গত কয়েক মাসে রাজ্যে একের পর এক পুলিশি গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনায় শাসকদলের একাধিক নেতা প্রকাশ্যে পুলিশের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার কথা বলেছেন। ৯ নভেম্বর রায়গঞ্জে ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্তের মৃত্যুর পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, পুলিশ আক্রান্ত হলে পাল্টা ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ অবশ্য ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথাও বলেন।

২৭ অক্টোবর গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যুর পর নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল ফেসবুকে ‘এনকাউন্টার’ শিরোনামে কবিতা লেখেন। প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ঘটনাকে সরকারের প্রতিশ্রুত পরিবর্তন বলে দাবি করেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বলেছিলেন, পুলিশ আত্মরক্ষায় কাজ করছে।

কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী নেতা ও মানবাধিকারকর্মীরা। ১৬ নভেম্বর সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এভাবে অভিযুক্তকে হত্যা করলে বিচারপ্রক্রিয়া ও প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তৃণমূল নেতা কুণাল ঘোষও বলেন, অপরাধীর শাস্তি হওয়া উচিত সংবিধান মেনে, বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে।