Image description

ফ্রান্সের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়।  জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার সংকট ও সরকারি ব্যয় সংকোচনের বিরুদ্ধে শুরু হয়েছিল এই বিক্ষোভ। গত ১৭ অক্টোবর শনিবার দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ নামেন রাস্তায়। কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ, কোথাও দোকানপাটে লুটপাট, আবার কোথাও সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী বেলজিয়াম ও ইতালিতেও। জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফের বিশ্লেষণ বলছে, এই বিক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক অসন্তোষ, তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থার সংকট।

কেন এই বিক্ষোভ?

জেডডিএফের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে সাম্প্রতিক আন্দোলনের সূত্রপাত শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা, শিক্ষকসংকট ও শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার অভিযোগ থেকে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ ক্রমে বিস্তৃত হয়ে জীবনযাত্রার ব্যয়, কম বেতন, সামাজিক বৈষম্য ও সরকারি সেবার মান নিয়ে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের বাড়তি খরচের চাপে থাকা মানুষের ক্ষোভও এতে যুক্ত হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা এই আন্দোলনে, শিক্ষার্থীদের পাশাপাশি অভিবাসী ও নিম্ন আয়ের ব্যাপক মানুষের অংশগ্রহণের প্রমাণ পেয়েছেন। আর তাদের সংগঠিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বামপন্থী সংগঠনগুলো।

জার্মান-ফরাসি ইনস্টিটিউটের রাষ্ট্রবিজ্ঞানী ডমিনিক গ্রিলমায়ারের মতে, ফ্রান্সে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ছয় মাস আগে এমন ব্যাপক বিক্ষোভের ঘটনা তাৎপর্যপূর্ণ। তার মতে , দেশটির মানুষের মধ্যে অসন্তোষ এতটাই বেড়েছে যে নির্বাচনের জন্য অপেক্ষা না করে সরকারের পতনের দাবিতে তারা এখনই রাস্তায় নেমেছেন।

তরুণেরা কেন এত ক্ষুব্ধ?

জার্মান সংবাদ মাধ্যম জেডডিএফে সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী অলিভার নাখটভয়ে বলেন, ফ্রান্স, স্পেন ও ইতালির মতো দেশে তরুণদের জন্য ভবিষ্যতের সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। উচ্চ বেকারত্ব, কর্মসংস্থানের অনিশ্চয়তা, আবাসনের ব্যয় এবং সরকারি ব্যয় সংকোচন তাদের হতাশা বাড়াচ্ছে। শিক্ষা শেষ করেও স্থিতিশীল চাকরি ও স্বচ্ছল জীবনের নিশ্চয়তা না পাওয়ার আশঙ্কা তরুণদের মধ্যে ক্ষোভ তৈরি করছে।

নাখটভয়েরের বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপের উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলো নাগরিকদের সামনে যে উন্নত জীবন ও সামাজিক অগ্রগতির প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেকটুকুই এখন আর পূরণ করতে পারছে না। ঋণ ও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে সরকারের ওপর আর্থিক চাপ বাড়ায় সামাজিক খাতে বিনিয়োগের সুযোগও এখন কম। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তরুণদের ওপর। তাদের এই ক্ষোভ কোনও একটি রাজনৈতিক মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়, ভিন্ন রাজনৈতিক অবস্থানের তরুণেরাও একই ধরনের অনিশ্চয়তার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন।

সংগঠিত আন্দোলন, নাকি স্বতঃস্ফূর্ত জনসমাগম

ফ্রান্সের বর্তমান বিক্ষোভকে পুরোপুরি স্বতঃস্ফূর্ত বলা যেমন ঠিক নয়, তেমনি কোনও একক সংগঠন এর সবকিছু নিয়ন্ত্রণ বা পরিচালনা করছে এমন বিশ্লেষণও সত্য নয়। শিক্ষার্থী সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও রাজনৈতিক দল আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলনের ডাক এবং বিভিন্ন শহরে স্বতঃস্ফূর্ত জমায়েত আন্দোলনের ব্যাপ্তি বাড়িয়েছে।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডির প্যারিস সংবাদদাতা মিশায়েল স্ট্রেম্পেল তার বিশ্লেষণে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিক্ষোভের আহ্বান ছড়িয়ে পড়লেই সব জায়গায় হাজার হাজার লোক জমায়েত হচ্ছে। এসব কর্মসূচি বড় সংগঠন বা শ্রমিক ইউনিয়নের ডাকে হচ্ছে না। ফলে নিরাপত্তা কর্তৃপক্ষের জন্য আগাম প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। ইউনিয়ন নেতারা গ্রেফতার হলেও আন্দোলন থামছে না। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজও স্বীকার করেছেন, বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কর্তৃপক্ষের অনুমানের চেয়ে বেশি ছিল এবং কয়েকটি শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সমস্যায় পড়ে।

 

সহিংসতার দায় বাম চরমপন্থীদের ওপর কেন?

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু ও জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টসহ কয়েকজন রাজনীতিক বিক্ষোভের সহিংসতার জন্য বাম চরমপন্থী গোষ্ঠীকে দায়ী করেছেন। তাদের বক্তব্য, সরকারি ভবনে আগুন দেওয়া, দোকান লুট করা কিংবা পুলিশের ওপর হামলা চালানো এগুলো বামদের কাজ। এগুলো শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ নয়। ফরাসি কর্তৃপক্ষও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অভিবাসীদের অধিকার, কম টাকায় বাসা, শিক্ষার খরচ কমানো, সামাজিক খাতে ব্যয় বৃদ্ধিই মূলত বামপন্থীদের দাবি। এজন্য সব দেশের সরকার কিছু হলেই বামদের দায়ী করেন। এছাড়া বিক্ষোভে বামপন্থী নেতা-কর্মীদের উপস্থিতি মানেই সব বিক্ষোভকারী চরমপন্থী নন। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের অনেকেই শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে তাদের অসন্তোষ জানাতে রাস্তায় নেমেছেন। সহিংসতার দায় নির্দিষ্ট ব্যক্তিদের ওপর অকাট্য প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করা প্রয়োজন। অন্যথায় আন্দোলনের মূল সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো আড়ালে পড়ে যেতে পারে।

ফরাসি কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সহিংসতার ঘটনায় দুই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন শহরে দোকানপাট ভাঙচুর ও সরকারি স্থাপনায় হামলার খবর ঘটনা ঘটেছে। লিমোজ শহরের ঐতিহাসিক টাউন হল আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনা আন্দোলনের প্রতি জনসমর্থন ধরে রাখার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করছে।