Image description

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তার রোধ এবং উত্তেজনা কমানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। তবে তাদের আলোচনার বিস্তারিত কিংবা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

 
 

এদিকে, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপের মুখে ইরান তুরস্কের সঙ্গে স্থলপথে বাণিজ্য বাড়িয়েছে। অবরোধের কারণে ইরানের অধিকাংশ আমদানি সীমিত হয়ে পড়েছে। একই সঙ্গে দেশটির অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস তেল ও গ্যাস বিক্রিও বাধাগ্রস্ত হচ্ছে।

 
 

তবে ওয়াশিংটনের চাপ ইরানের আলোচনার অবস্থান পরিবর্তন করতে পারবে না বলে জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে দেশটি।

 

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আগে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথে তেহরানের নিয়ন্ত্রণ বৈশ্বিক বাজার ও তেলের দামে অস্থিরতা তৈরি করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মধ্যে তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের এই আলোচনা আঞ্চলিক পরিস্থিতিতে নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে।