Image description

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তারের ছয় মাস পর ইসরাইলের দেমন কারাগারে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৩৫ বছর বয়সী ফিলিস্তিনি নারী দানা জুদেহ। সোমবার উত্তর অধিকৃত ফিলিস্তিনের ওই কারাগারে তিনি সন্তান প্রসব করেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।

 

বিজ্ঞাপন

দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ বা বিচার ছাড়াই আটকের এই ব্যবস্থার আওতায় এতদিন তিনি কারাগারে ছিলেন। মঙ্গলবার তার আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল; তবে তা নবায়ন করা হলে তার মুক্তি আবারো অনিশ্চিত হয়ে পড়তে পারে।

 

জুদেহর পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে গ্রেপ্তার, প্রশাসনিক আটক এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার ঘটনায় তার ও নবজাতকের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের লঙ্ঘনের শামিল।

 

জুদেহর পরিবার ও অধিকারকর্মীরা তার সন্তান প্রসবের ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষ ও কারা প্রশাসনকে দায়ী করেছে। বিশেষ করে গর্ভবতী বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর তারা জোর দিয়েছে।

 

ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেমন কারাগারে প্রায় ৮৮ জন ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। তাদের অভিযোগ, বন্দিদের কঠিন পরিস্থিতিতে রাখা হচ্ছে। এর মধ্যে চিকিৎসায় অবহেলা, পর্যাপ্ত খাবারের অভাব, দমন-পীড়ন, মৌলিক অধিকার ও ধর্মীয় অনুশীলনে বাধা, একাকী বন্দিত্ব এবং দৈনন্দিন জীবনে নানা ধরনের বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে।

 

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দিদের বিষয়ক কমিশন নারী বন্দিদের নিরাপত্তার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ বন্দি, অপ্রাপ্তবয়স্ক, বয়স্ক ও প্রতিবন্ধী বন্দিদের পরিস্থিতির প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে কারাগারগুলোতে বন্দিদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে কমিশন।

 

সূত্র: মিডলইস্ট মনিটর