রাশিয়ার একটি ইলেকট্রনিক্সের দোকানে ধাক্কা দেওয়া গ্রাহকের ওপর ক্ষিপ্ত হয়ে রোবটের পাল্টা প্রতিক্রিয়া জানানোর এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। রোবট ও মানুষের এমন অদ্ভুত মিথস্ক্রিয়া দেখে বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর বিখ্যাত সিনেমা ‘টার্মিনেটর’-এর কথা মনে পড়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, কালো টি-শার্ট পরা এক ব্যক্তি দোকানের ভেতরে থাকা একটি হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের কাছে গিয়ে সেটিকে জোর ধাক্কা দেন। আর অমনি মুহূর্তের মধ্যেই রোবটটি ওই লোকটির দিকে নিজের এক পা বাড়িয়ে দেয়, যা দেখে স্পষ্ট মনে হচ্ছিল সেটি লোকটিকে লাথি মারার চেষ্টা করছে। আশপাশের উপস্থিত মানুষজন তা দেখে হতবাক হয়ে পড়েন। শেষ পর্যন্ত অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় রোবটটির পাওয়ার বন্ধ করে সেটিকে অফ করে দিতে হয়।
ঘটনাটি ইন্টারনেট জগতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রোবটদের মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার বিষয় নিয়ে নেটিজেনরা মজাদার সব মন্তব্য করতে শুরু করেন। এক ব্যবহারকারী লিখেছেন, মানুষের অহংকার শেষ পর্যন্ত রোবটগুলোকেও পাগল করে দিলো। অন্য একজন রসিকতা করে বলেন, রোবট, তোমার কি হাতের কাছে কোনও রুটি বেলার বেলন ছিল না যে লোকটির মাথায় সজোরে মারবে যাতে মাথা উড়ে যায়? তুমি আসলে কার রোবট? তৃতীয় একজন মন্তব্য করেন, রোবটকে বেশি বেশি ত্যাঙ্গড়ামি করলে এমনই হয়; দিনশেষে তারও তো একটা আত্মসম্মানবোধ আছে!
তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এটি রোবটের নিজস্ব বা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ছিল, নাকি দূর থেকে কেউ রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
সূত্র: উইয়ন নিউজ