Image description

ইসরাইলের কাছ থেকে তিনটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ৩.৬ বিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে গ্রিস। খবর আনাদোলু এজেন্সির

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। প্রায় তিন বছর ধরে চলা আলোচনার পর গ্রিসের একটি প্রতিনিধিদল ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে সই করবে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। 

বাণিজ্যবিষয়ক খবর

 

 

চুক্তির আওতায় থাকবে ডেভিড’স স্লিং, স্পাইডার ও বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো গ্রিসের পরিকল্পিত বহুস্তরীয় ‘অ্যাকিলিস শিল্ড’ প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

 

চুক্তির সবচেয়ে বড় অংশ পাবে ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল। প্রতিষ্ঠানটি ডেভিড’স স্লিং সরবরাহ করবে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ভারী ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ব্যবহৃত হয়। পাশাপাশি ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি প্রতিহত করতে মোবাইল স্পাইডার ব্যবস্থা সরবরাহ করবে রাফায়েল।

 

অন্যদিকে, ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) সরবরাহ করবে বারাক এমএক্স। এই ব্যবস্থা বিমান ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

প্রকল্পের আওতায় গ্রিসজুড়ে একটি সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্কও গড়ে তোলা হবে। এতে রাডার ও বিভিন্ন সেন্সর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ, হুমকি শনাক্তকরণ এবং কোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হবে তা নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হবে।

 

গ্রিসের দ্বীপগুলোতে স্পাইডার প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পে প্রায় ৭০০ মিলিয়ন ইউরোর কাজ গ্রিসের প্রতিরক্ষা কোম্পানিগুলো পাবে।

ইসরাইলি আর্থিক সংবাদমাধ্যম কালকালিস্ট ও ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, প্রায় ৩.১ বিলিয়ন ইউরোর প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন হবে এবং এতে প্রায় ৩৫ মাস সময় লাগবে।

 

গ্রিসের বিদ্যমান প্যাট্রিয়টসহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে নতুন সিস্টেমগুলোকে একই নেটওয়ার্কে যুক্ত করা হবে। আলোচনায় গ্রিসের প্রতিরক্ষা শিল্পের অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তরও গুরুত্ব পেয়েছে। প্রকল্পের অন্তত ২৫ শতাংশ কাজ ১২টি গ্রিক কোম্পানিকে দেওয়ার কথা রয়েছে।