Image description

অবরুদ্ধ গাজা উপত্যকা ও হামাস আর ইসরায়েলের জন্য কোনো ধরনের নিরাপত্তা হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সম্পূর্ণ নির্মূল’ এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করার দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

 

বুধবার (২ সেপ্টেম্বর) গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইনে’ অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি সামরিক চৌকি পরিদর্শনকালে নেতানিয়াহু এসব কথা বলেন।

 

ভাষণের শুরুতে গাজার ওপর ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে জোর দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি এখানে গাজা উপত্যকার ভেতরে চিফ অব স্টাফ, সর্বাধিনায়ক এবং আমাদের বীর সেনাপতি ও সৈন্যদের সঙ্গে আছি। এই ভূখণ্ড আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে।’

 

 

হামাস নেতৃত্বের প্রতি কড়া বার্তা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পিছু হটছি না, এই নির্ধারিত লাইনেই থাকছি। আমরা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছি। কারণ যারা আমাদের জন্য হুমকি, সেই সন্ত্রাসীদের (হামাস) আমরা প্রতিদিন নির্মূল করছি। গতকালই আমরা হামাসের গোয়েন্দা প্রধানকে আটক করেছি।

 

গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে নেতানিয়াহু আরও বলেন, ‘গাজা (হামাস) আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হবে না। আমাদের লক্ষ্যটি প্রকৃতপক্ষে অনেকাংশেই অর্জিত হয়েছে। তবে কিছু কাজ এখনো বাকি আছে, আমরা তা-ও সম্পন্ন করব।’

 

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে স্থাপিত সেনা চৌকি পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের চিফ অব স্টাফ ল্যাফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির, সাউদার্ন কমান্ডের কমান্ডার এবং বেজেক ডিভিশনের শীর্ষ কর্মকর্তারা।