Image description

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার ও কোনারাক এলাকায় যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছেন প্রদেশটির নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক উপগভর্নর জেনারেল আলী খলিলাবাদি।

আলী খলিলাবাদি জানিয়েছেন, কোনারাকে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে চাবাহারও হামলার লক্ষ্যবস্তু ছিল। দুই এলাকায় মোট চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তিনি আরও জানিয়েছেন, ঘটনার বিস্তারিত, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও অন্যান্য তথ্য জানতে তদন্ত চলছে।

 

 

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টায়, অর্থাৎ গ্রিনিচ মান সময় বিকেল ৪টায় শুরু হয় এই হামলা।

এদিকে মধ্যপ্রাচ্যে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নাগরিকদের আরও সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য উড়োজাহাজ চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে। পরিস্থিতির আরও অপ্রত্যাশিত অবনতির আশঙ্কাও রয়েছে।