Image description

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে দুই মাসের সমঝোতার মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। নতুন কোনো চুক্তি না হওয়ায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবে জুলাইয়ের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৯১ দশমিক ৬৩ ডলারে ওঠে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়ে ৮৫ ডলারে পৌঁছায়।

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার জন্য করা ৬০ দিনের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হয় সোমবার। স্থায়ী শান্তিচুক্তির বিষয়ে অগ্রগতি না হওয়ায় সমঝোতাটি আর বাড়াতে রাজি হয়নি ওয়াশিংটন। একই সময়ে ইরান জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তারা আরও আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাবে।

এ পরিস্থিতিতে তেলের বাজারে বড় উদ্বেগ হয়ে ফের এসেছে হরমুজ প্রণালি। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির স্বাভাবিক চলাচল বন্ধ থাকায় সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগের সমঝোতার শর্ত পূরণ না করা পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

এর মধ্যে প্রণালিটির আরেক পাশের দেশ ওমানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার তিনি বলেন, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিলে ওমানে বোমা হামলা চালাবে মার্কিন বাহিনী। ইরান ও ওমানের মধ্যে প্রণালির চলাচল স্বাভাবিক করা নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্প এ হুমকি দেন।

মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার খবরও পাওয়া গেছে। এর আগে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরান ‘পুরোপুরি আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে যাবে। এতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। এর আগের দুই দিন মিলিয়ে এই সংখ্যা ছিল পাঁচটি।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার মধ্য দিয়ে বিনিয়োগকারীরা হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকার ঝুঁকি হিসাব করছেন। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত সাময়িক সরবরাহ সংকটের পরিবর্তে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে ট্রাম্প সোমবার বলেছেন, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে তিনি ‘তাড়াহুড়ো করছেন না’। ইরানের জন্য নতুন কোনো সময়সীমাও নির্ধারণ করবেন না বলে জানান তিনি। এর আগে কয়েক দফা যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বললেও এখন পর্যন্ত স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে তেলের বাজারে চাপ বাড়বে। এর সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব যুক্ত হলে জ্বালানির দাম ও বাজারের অস্থিরতা আরও তীব্র হতে পারে।