ঈমান, সৎকর্ম, নামাজ এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসার মাধ্যমেই মানুষ প্রকৃত সুখ ও তৃপ্তি অর্জন করতে পারে বলে জানিয়েছেন মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান।
শুক্রবার (৭ আগস্ট) জুমার খুতবায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি মুসলিমদের অন্তরকে হিংসা, বিদ্বেষ ও নেতিবাচকতা থেকে মুক্ত রাখার আহ্বান জানান।
শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান বলেন, জীবনে পরিপূর্ণতা ও প্রকৃত তৃপ্তি অর্জনের সঠিক পথ হলো কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা। আল্লাহর ওপর বিশ্বাস ও তাঁর সিদ্ধান্তের প্রতি আস্থা রাখলে মানুষের অন্তরে প্রশান্তি তৈরি হয়।
এদিকে একই দিনে জুমার খুতবায় মুসলিমদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ফয়সাল গাজ্জাবি।
তিনি বলেন, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর নেয়ামত অটুট রাখার পাশাপাশি নানা ধরনের দুর্ভোগও মোকাবিলা করা সম্ভব।
খুতবায় তিনি সৎকর্ম ও তাকওয়ার মাধ্যমে বিপদগ্রস্ত এবং অভাবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অসহায় মানুষের কষ্ট লাঘবে মুসলিমদের সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
শীর্ষনিউজ