Image description

‘স্বাধীনতা ঘোষণা’ নিয়ে উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান। এরই মধ্যে প্রদেশটির নিরাপত্তা বহরে একাধিক অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৪৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি বালোচ লিবারেশন আর্মির।

বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কোয়েটা-করাচি মহাসড়কের একই অংশে পাকিস্তানি সামরিক বাহিনীর বাসগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয় বৃহস্পতিবার। আজ শুক্রবার সকালে মাস্তুংয়ের খাদকুচা এলাকার মাশা আল্লাহ হোটেলের কাছে আরেকটি পাকিস্তানি সামরিক বহরে হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের সশস্ত্র যোদ্ধারা এই সর্বশেষ হামলায় তিনটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। কিছু স্থানীয় সূত্রের দাবি, এই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে কোনো সরকারি সূত্র হামলা বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানায়নি।

এর আগের দিন, খাদকুচা এলাকায় পাকিস্তানি সামরিক কর্মকর্তা বহনকারী বাস, তাদের নিরাপত্তা দল এবং পরবর্তীতে ওই এলাকায় পৌঁছানো অতিরিক্ত সেনা দলকে লক্ষ্য করে চালানো বড় ধরনের হামলার দায় স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি।

সংগঠনটি দাবি করেছে, তাদের ওই হামলায় ৪৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছেন। অন্যদিকে, বিবিসি উর্দুর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি কর্মকর্তারা বহরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো সংখ্যা জানাননি।

শুক্রবার সকালের এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।